রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের দপ্তরে দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা-২-এর অতিরিক্ত রেজিস্ট্রার ও জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সহসভাপতি ড. মো. জিয়াউল হক, রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ও ফোরামের সভাপতি ড. মো. রোকনুজ্জামান, কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক ও ফোরামের সাধারণ সম্পাদক মামদুদুর রহমান এবং সংস্থাপন শাখা-১-এর ডেপুটি রেজিস্ট্রার ও ফোরামের সহসম্পাদক মো. তারিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর উপস্থিতিতে তার দপ্তরে অভ্যন্তরীণ চিঠিপত্র আদান-প্রদান নিয়ে আলোচনা চলাকালে কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে রফিকুল ইসলামসহ দুজন কর্মকর্তা আহত হন।
ঘটনার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মাসুদ রানাকে। প্রক্টর ইসমাইল হোসেন সদস্যসচিব এবং শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. জিন্নাতুল বাশার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।