যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে শফিকুর রহমান দাবি করেন, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রেও তার সমর্থকদের উসকানি দিচ্ছেন এবং ড. ইউনূসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার দায় তারই। এ ঘটনায় সরকারের দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেএফকে বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে কয়েকজন ব্যক্তি এগিয়ে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।
ভিডিওতে বিক্ষোভকারীদের ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তুলতেও শোনা যায়। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে স্লোগান দেন তারা। পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনে এগিয়ে যান ড. ইউনূস।



