বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তার মৃত্যু হয়।
পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। তার ভাগ্নে রিফাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।