যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনায় অধ্যাপক ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সহিংস চরিত্র প্রকাশ করেছে বলে তিনি মনে করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি অধ্যাপক ইউনূসকে উদ্দেশ করে উচ্চস্বরে স্লোগান দেন। তারা ‘হোয়াই ইউ কাম হেয়ার’ ও ‘গো ব্যাক’ বলেও চিৎকার করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাঁকে হেনস্তার অভিযোগ উঠেছে।
বিবৃতিতে নাহিদ ইসলাম অভিযোগ করেন, অতীতের কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের মধ্যে অনুশোচনার লক্ষণ নেই। দেশে-বিদেশে দলটির সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক প্রতিহত করা এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ গুম-খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার ও রায় কার্যকরের দাবি জানান তিনি। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুরও আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের সংকটকালে গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনীতি পুনর্গঠনে অধ্যাপক ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা ভূমিকা রেখেছেন। তাঁদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এদিকে, অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার ঘটনায় যে ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এ ক্ষেত্রেও তা নেওয়া হবে।