বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদ ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক ও রাজনীতিবিদ। এলাকার উন্নয়নেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তাঁর মরদেহ শ্যামপুরের বাসায় নেওয়া হলে শেষ শ্রদ্ধা জানাতে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সেখানে যান রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সালাহউদ্দিন আহমেদ ওই এলাকা থেকে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। সংসদে এলাকার উন্নয়নের দাবিতে তিনি সোচ্চার ছিলেন। স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদান রয়েছে।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে রিজভী বলেন, দীর্ঘদিন স্বৈরাচারের নির্যাতনে অসুস্থ থাকার পর তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শুধু তার পরিবার নয়, বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। শোকাহত পরিবারের সদস্য ও সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী প্রয়াত এই নেতাকে শেষবারের মতো দেখতে তাঁর বাসায় যান।