দেশে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ রুখে দেওয়া হবে। তবে এ আন্দোলনের নামে গাড়ি পোড়ানো কিংবা মানুষ হত্যার মতো সহিংসতার পথে যাবে না জামায়াত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে দেশে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া, তৈরি পোশাকশিল্পের সংকট এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মতো কয়েকটি বিষয় জনমনে উদ্বেগ তৈরি করেছে। তাঁর অভিযোগ, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে।
তিনি বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করায় সরকারের প্রতি জনগণের একটি বড় অংশের আস্থা কমে যাচ্ছে। জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে রাজনৈতিক ঐক্য প্রয়োজন হলেও সরকার সে পথে এগোচ্ছে না। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তৈরি পোশাকশিল্পের সংকট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং শিল্প টিকিয়ে রাখার বিষয়ে মালিকপক্ষের অবস্থানের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘাত, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এসব ঘটনা এখন দেশের প্রায় ২২টি জেলায় ছড়িয়ে পড়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সাম্প্রতিক সময়ে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িঘর, জামায়াতের নেতাকর্মীদের বাসাবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
৪০ দিনের কর্মসূচি ঘোষণা
সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, পেশাজীবী সম্মেলন ও সামাজিক কার্যক্রম।
কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর ঢাকা ছাড়াও দেশের ১১টি মহানগরে একই দাবিতে কর্মসূচি পালন করা হবে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ওই দিন ঢাকায় মানববন্ধন করবে দলের মহিলা বিভাগ।
এ ছাড়া ২৬ নভেম্বর সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে দলটি।
ডিসেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সভা। ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসক, ২১ ডিসেম্বর প্রকৌশলী এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পরও বছর শেষ হওয়ার আগে রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হচ্ছে, যা তাঁদের প্রত্যাশা ছিল না। দেশ গঠনে মনোযোগ দেওয়ার পরিবর্তে জনগণকে রাজপথে নামতে হচ্ছে। সরকার জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা করা নয়। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমেই তা প্রতিরোধ করা হবে। অতীতের হত্যাকাণ্ড ও সহিংসতার স্মৃতি মানুষ ভুলে যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কিংবা ফ্যাসিবাদের পুনর্বাসন দেশের মানুষ মেনে নেবে না।
১১ দলীয় জোটের কর্মসূচিতে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, জোটের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে প্রতিটি শরিক দল নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে এবং জামায়াতের কর্মসূচি দলীয়ভাবেই পালিত হবে।
এ সময় সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের অনুসারীরা অবস্থান করছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁদের চিহ্নিত করে সরকারি দায়িত্ব থেকে সরানোর দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




