সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার সরকারের সাবেক ১২ উপদেষ্টা। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজনকে উচ্চ স্বরে স্লোগান দিতে। এ সময় তাকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হিয়ার’সহ বিভিন্ন মন্তব্য করা হয়। আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাকে হেনস্তার অভিযোগ উঠেছে।
বিবৃতিতে সাবেক উপদেষ্টারা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে অব্যাহত হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং কঠোর নিন্দা জানাচ্ছেন।
বিবৃতিদাতারা হলেন সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সি আর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।
বিবৃতিতে তারা আরও বলেন, বছরের পর বছর অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, পদ্ধতিগত দমন-পীড়ন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনে দেশ বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের কঠিন দায়িত্ব পালনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, ওই সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ডের অবসান ঘটিয়েছিল।