জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ প্রকাশের দাবি জানিয়ে জামায়াত বলেছে, প্রমাণ দিতে না পারলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। জামায়াতের দাবি, ডিএনসিসি প্রশাসকের বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে। গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া এ ধরনের গুরুতর অভিযোগ তোলা দায়িত্বশীল আচরণ নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে শুক্রবার সকালে মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাই চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে অটোরিকশা নিয়ে এক রাজনৈতিক নেতার বক্তব্যের সমালোচনা করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি দাবি করেন, ওই নেতার ৭০০টি অটোরিকশা থাকার তথ্য অনুসন্ধানে পাওয়া গেছে।
জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জনগণ তথ্যনির্ভর, সংযত ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা এবং চালকদের জীবিকা-সংশ্লিষ্ট সমস্যাগুলো জনস্বার্থ ও বাস্তবতার আলোকে বিবেচনা করা প্রয়োজন। এসব বিষয়ে মতপার্থক্য থাকলে যুক্তি ও তথ্যের ভিত্তিতে তা তুলে ধরা উচিত।
দলটি অভিযোগটিকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ডিএনসিসি প্রশাসককে বক্তব্যের পক্ষে প্রমাণ জনসমক্ষে উপস্থাপন অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে।