দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং পরিবর্তিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন করে ২৪ হাজার ৬৭৭টি পদ সৃষ্টি, ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনা, জরাজীর্ণ পুলিশ স্থাপনা পুনর্নির্মাণ এবং বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এসব উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনসংখ্যার তুলনায় পুলিশের জনবল কম থাকায় দায়িত্ব পালনে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে তুলনামূলক হিসাবে বাংলাদেশ পুলিশের জনবল ঘাটতি ১ লাখ ৩৫ হাজার ৩৭৪ জন। বর্তমানে বাহিনীর অনুমোদিত জনবল ২ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। অথচ প্রয়োজন প্রায় ৩ লাখ ৫৪ হাজার ১২৩ জন।
এই ঘাটতি কমাতে প্রস্তাবিত নতুন নিয়োগের মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট ও ৪৫০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। পাশাপাশি থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও অপারেশনাল ক্যাম্পের জন্য আরও ১ হাজার ৯৪৩টি পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মাধ্যমে এসব প্রস্তাবের প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
জনবল বাড়ানোর পাশাপাশি পুলিশের পরিবহন সক্ষমতা উন্নয়নেও বড় বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের মাধ্যমে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল এবং ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন। গত ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্প দুটি অনুমোদন করেছে। পুলিশের অনেক পুরোনো যানবাহন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নতুন বহর যুক্ত হলে টহল, জরুরি সাড়া ও অপরাধ দমনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
অবকাঠামো উন্নয়নেও নেওয়া হয়েছে পৃথক পরিকল্পনা। প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের প্রস্তাব পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে আরও ১৫০টি পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানা সংস্কার বা পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুলিশ সদস্যদের আবাসন এবং দাপ্তরিক পরিবেশ উন্নয়নের বিষয়টিও এ কর্মসূচিতে গুরুত্ব পাচ্ছে।
ডিজিটাল অপরাধের বিস্তার মোকাবিলায় গঠন করা হচ্ছে বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে প্রস্তাবিত এই ইউনিটে তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে দক্ষ জনবল যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অনলাইন প্রতারণা, হ্যাকিং, পরিচয় চুরি এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ তদন্তে তারা কাজ করবেন। এতে পুলিশের ডিজিটাল ফরেনসিক ও প্রযুক্তিগত তদন্ত সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে ডিএমপি ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটে স্মার্ট পুলিশিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের মতো বিশেষায়িত ইউনিটের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থার উন্নয়নও পরিকল্পনার অংশ।
পুলিশের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে বদলি, পদায়ন এবং পদোন্নতি ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জনসম্পৃক্ততা বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন কর্মসূচির আওতায় বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন। ২০৩০-৩১ সালের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব রয়েছে। তবে বরাদ্দের বিপরীতে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি প্রত্যাশার তুলনায় কম হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টদের মতে, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পুলিশের জনবল, পরিবহন, অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তবে শুধু নিয়োগ ও সরঞ্জাম বাড়ালেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এর জন্য প্রয়োজন দক্ষ প্রশিক্ষণ, স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া, যথাযথ তদারকি এবং নাগরিকবান্ধব পুলিশিং নিশ্চিত করা। সরকারের লক্ষ্য, ২০৩০-৩১ সালের মধ্যে একটি আধুনিক, পেশাদার ও প্রযুক্তিসমৃদ্ধ পুলিশ বাহিনী গড়ে তোলা।




