দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে দাঁড়াতে হবে।
গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য ও বিভেদ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতেও অধিকার আদায়ে সংগ্রাম করেছে। দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রও জনগণ ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করে দিতে সক্ষম হবে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহ্য। এ আয়োজনের মধ্য দিয়ে শান্তি, মানবকল্যাণ ও পারস্পরিক সম্প্রীতির যে বার্তা ছড়িয়ে পড়ে, তা সব ধর্মের মানুষের জন্যই অনুপ্রেরণার। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজে সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
গৌতম বুদ্ধের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি এবং নৈতিকতার চর্চা করতে হবে। বৌদ্ধ ধর্মীয় প্রয়াত নেতাদের অবদান স্মরণ করে তিনি বলেন, তাঁদের কর্ম ও আদর্শ মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অনেক ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক পথে এগিয়ে নিতে হবে।
বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রাষ্ট্রপতি জানান, বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নে আর্থিক সহায়তা, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ধর্মীয় সম্প্রদায়গুলোর অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই, সবাই এ দেশের নাগরিক। সবার অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ এ দেশে একসঙ্গে বসবাস করছে। এই ঐতিহ্য ও অসাম্প্রদায়িক পরিচয় অক্ষুণ্ন রাখতে হবে।
এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনে জিয়াউর রহমান বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন। বর্তমানে সেই দেহভস্ম ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং তাঁর মাধ্যমে স্মারকগ্রন্থের উদ্বোধন করা হয়।




