রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের এক উচ্চপর্যায়ের বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। বৈঠকে রূপপুর প্রকল্পের অগ্রগতি ও প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করতে পারবে। রোসাটমের মহাপরিচালক জানান, আগামী বছর থেকে দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরু হবে।
বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ এবং ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের সম্প্রসারণে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।