সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ইউএই। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির বৈঠকে এসব বিষয় উঠে আসে।
মাহদী আমিনের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইউএইর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের প্রসঙ্গও আলোচনায় আসে। এর ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ইউএইতে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএইতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ও ট্রাক চালানোর মতো পেশায় কাজের সুযোগ তৈরি এবং দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইউএইর বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সহযোগিতাকে আরও গতিশীল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।