বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার পরিদর্শন ও জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি ঐতিহাসিক এ মাজারে গেলেন।
বৃহস্পতিবার মোংলা বন্দরে বিভিন্ন কর্মসূচি শেষ করে বাগেরহাটে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তাঁকে স্বাগত জানান। পরে তিনি মাজারে ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে দিনের শুরুতে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
দিনের শেষ কর্মসূচিতে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।




