বাগেরহাট ও খুলনায় সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ২৫ মিনিটে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোংলায় নির্ধারিত অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সড়কপথে খুলনায় যাবেন। সেখানে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন। দিনের কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্টমেন্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় বন্দরের দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
মোংলার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে মাজার জিয়ারত করবেন।
পরবর্তী সময়ে বেলা ১টা ১৫ মিনিটে খুলনার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় অবস্থান করবেন।
বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন তিনি। অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে যাত্রা করার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।