বাংলাদেশের তরুণ স্থপতিদের আন্তর্জাতিক কর্মবাজারে প্রবেশ, উচ্চশিক্ষা এবং পেশাগত স্বীকৃতির সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, স্থাপত্য ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত হলে দেশের স্থপতিদের বৈশ্বিক পর্যায়ে কাজের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, দেশে প্রতিবছর প্রায় এক হাজার শিক্ষার্থী স্থাপত্যে স্নাতক সম্পন্ন করছেন। তাঁদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজের পথ সহজ করা জরুরি। এ জন্য তরুণ স্থপতিদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে নীতিগত ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে।
স্থাপত্য শিক্ষার আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে ক্যানবেরা অ্যাকর্ডের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে আইএবি, ইউজিসি ও বিএসিকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনায় স্থাপত্য ও অবকাঠামো খাতে পরিবর্তনের সুযোগ রয়েছে। বিশ্বমানের নকশা ও দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণে দেশের স্থপতিদের ভূমিকা রাখতে হবে।
শিক্ষার গুণগত মান বাড়াতে আধুনিক পাঠ্যক্রম, স্টুডিও ও ল্যাব সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে মাহদী আমিন বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও বাজেট বাড়ানোর বিষয়েও সরকার প্রস্তুত রয়েছে।
আইএবির সভাপতি স্থপতি অধ্যাপক শরীফ শামস ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি-বিদেশি স্থপতি, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এম মাহবুবুর রহমান ও ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক।