সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আলোকে নতুন বিধিমালা প্রণয়ন ও সংশোধিত দরতালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব ধরনের কাজ, সেবা ও পণ্য কেনার দরপত্র এবং নতুন ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল বা দরতালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র আহ্বান এবং ক্রয়সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
চিঠিটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরেও এর অনুলিপি পাঠানো হয়েছে।
এ নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতায় নতুন উন্নয়নকাজের দরপত্র আহ্বান, সেবা সংগ্রহ ও পণ্য কেনার নতুন প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নতুন বিধিমালা ও হালনাগাদ দরতালিকা প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে।
তবে ইতিমধ্যে কার্যাদেশ পাওয়া কাজ বা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে পৃথক কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এসব কাজ অব্যাহত থাকবে কি না, সে বিষয়েও নির্দেশনায় স্পষ্ট কিছু বলা হয়নি। নতুন বিধিমালা ও দরতালিকা প্রকাশের নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি। ফলে স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে এবং চলমান ক্রয়প্রক্রিয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা জানতে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।