কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য অধিগ্রহণ করা বিপুল পরিমাণ জমি অব্যবহৃত পড়ে আছে। এসব জমি সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গেলে দেশের জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।
দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও আমদানিনির্ভরতা কমাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর অব্যবহৃত জমি। এসব জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা গেলে উৎপাদন করা সম্ভব ৫ হাজার ৪৬১ মেগাওয়াট বিদ্যুৎ। এতে একদিকে জ্বালানি আমদানির ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশদূষণও উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণ করা যাবে।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর সামরিক জাদুঘরে অনুষ্ঠিত বাংলাদেশ জ্বালানি সম্মেলনে উপস্থাপিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের (ক্লিন) পরিচালিত গবেষণায় দেখা গেছে, দেশের ১৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি পাওয়ার হাবের জন্য অধিগ্রহণ করা জমির মধ্যে ১৪ হাজার ১৬৬ একর এখনো অব্যবহৃত রয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩৯ একর জমি সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী।
গবেষণা প্রতিবেদনের হিসাব অনুযায়ী, এসব জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা গেলে আগামী ২০ বছরে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫১৯ কোটি টাকা বা ২৫ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার এলএনজি আমদানির ব্যয় সাশ্রয় হতে পারে। একই সময়ে সমপরিমাণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় প্রায় ১৫ কোটি ৪৮ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো সম্ভব হবে।
সম্মেলনে দেশের জ্বালানি পরিকল্পনার পাশাপাশি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আইন, ২০২৬ নিয়েও আলোচনা হয়। এ আইনের সাংবিধানিক ও পরিবেশগত প্রভাব এবং উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
গত আগস্টে দায়ের করা একটি রিট আবেদনে আইনটির নয়টি ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া, পরিবেশগত ছাড়পত্র ও জনপরামর্শের ঘাটতি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্তৃত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, এলএনজি আমদানির ব্যয় সরকারের আর্থিক চাপ বাড়িয়ে চলেছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
সম্মেলনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তোলার প্রস্তাবও উঠে আসে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের সরকারি ভবন, বাজার, হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সুযোগ কাজে লাগানোর কথা বলা হয়।
এ ছাড়া নেট মিটারিং সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সুপারিশ করা হয়। কৃষক সমবায়ের উদ্যোগে কমিউনিটি মালিকানাধীন সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু এবং এ খাতে স্থানীয় দক্ষ জনবল তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টিও আলোচনায় আসে। তিন দিনব্যাপী বাংলাদেশ জ্বালানি সম্মেলন সোমবার শেষ হওয়ার কথা রয়েছে।