বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব। তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে গত সোমবার (২৩ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন। তারা সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে।
এর মধ্যে মো. তোফায়েল হোসেন দণ্ডবিধির ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। অন্যদিকে কাজী আরিফুর রহমান ও ফুয়ারা খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, তামাক নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইনের নির্ধারিত ধারায় অভিযান পরিচালনার ক্ষমতা পেয়েছেন।
তবে এ ক্ষমতা শুধু সচিবালয়ে কর্মরত থাকাকালীন প্রয়োগ করা যাবে। মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। পাশাপাশি প্রতিটি অভিযানের বিবরণ নির্ধারিত ছকে মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষর করেছেন। এটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।