বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে একীভূত তথ্য ক্যাডার গঠনের বিষয়টি পর্যালোচনায় উচ্চপর্যায়ের সংসদীয় উপকমিটি গঠন করা হবে।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আমানউল্লাহ আমান।
বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করার পাশাপাশি বিসিএস তথ্য সাধারণ ক্যাডার একীভূত করার বিষয়েও আলোচনা হয়। সীমিত জনবল দিয়ে কাজের পরিধি বাড়ানো এবং সরকারি ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন সদস্যরা।
এ ছাড়া অতীতে পদোন্নতি থেকে বঞ্চিত ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত হয়। পরবর্তী বৈঠকে এ জন্য যাচাই-বাছাই কমিটি গঠন করে সংশ্লিষ্টদের তালিকা ও ঘটনার কারণ নিয়ে প্রতিবেদন তৈরির প্রস্তাব করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান আরও জনপ্রিয় করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের বিভিন্ন গণ-আন্দোলনের ইতিহাস গণমাধ্যম দুটিতে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশও করা হয়েছে।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ সংসদীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।