নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন আয়োজিত ‘জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারীরা যথাযথ সম্মান ও মর্যাদা পাবেন। নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা প্রয়োজনীয় সেবা পাবেন।
তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ ধরনের সহিংসতা বন্ধ করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ সমস্যা নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, দেশি-বিদেশি এনজিও এবং নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।