দেশের মেধাবী ছাত্রীদের যাতায়াত সহজ করা ও পড়াশোনায় উৎসাহ দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে বাইসাইকেল দেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে শিক্ষার্থীদের জন্য আনা বিভিন্ন ধরনের বাইসাইকেল নিজেই চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাইকেলগুলোর মান ও ব্যবহারিক সুবিধা যাচাই করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০ হাজার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এসব বাইসাইকেল সরবরাহ করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে। সব মিলিয়ে উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে তিন লাখ। সরকারের এ উদ্যোগের উদ্দেশ্য মেয়েদের শিক্ষায় আগ্রহ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানো।
বাইসাইকেলের মান যাচাইয়ের সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।