দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯৯ জনে।এই সময়ের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।

গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় একজন করে রয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ১০১ জনের।গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৩৯৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৪২, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায়—৭৯ হাজার ৩১৪ জন। চট্টগ্রামে ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, সিলেটে ১৪ হাজার ৯৩৫, খুলনায় ১২ হাজার ২৭৭, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছেন।