পার্বত্য চট্টগ্রামে সুপেয় পানির সংকট নিরসন এবং জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। একই সঙ্গে সরকারি অর্থায়নের প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জলবায়ুসহিষ্ণু জীবিকা উন্নয়ন ও ওয়াটারশেড ব্যবস্থাপনা প্রকল্পের ষষ্ঠ প্রকল্প স্টিয়ারিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পাহাড়ি এলাকার বাসিন্দাদের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য রক্ষার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দেশের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতায় পার্বত্য চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, সুশাসন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কর্মকর্তাদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিতে হবে। দুর্নীতিমুক্ত ও আধুনিক রাষ্ট্র গঠনে সৎ ও যোগ্য কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব অতুল সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।