খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে শূন্য থাকা ৬ হাজার ৬৫৩টি পদ দ্রুত পূরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ বন্ধ করে নিয়মিত নিয়োগপ্রক্রিয়ায় এসব পদ পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু। বৈঠকে অপরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামো নির্মাণের কারণে কৃষিজমি কমে যাওয়ার বিষয়েও আলোচনা হয়। কৃষিজমি সংরক্ষণ এবং অকৃষি কাজে জমির অননুমোদিত ব্যবহার বন্ধে মন্ত্রণালয়ের নজরদারি ও নিয়মিত তদারকির কথা জানানো হয়।
খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়েও আলোচনা হয়। খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে নজরদারি বাড়ানো হচ্ছে। শিশু খাদ্যসহ সব ধরনের খাদ্যে ক্ষতিকর ভেজাল রোধে আইন প্রয়োগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা, আধুনিক মিনি ল্যাবরেটরি স্থাপন এবং ভেজাল শনাক্তে মোবাইল ভ্যান সরবরাহের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে বৈঠকে জানানো হয়।
সভাপতি মো. আবদুস সালাম পিন্টু বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রকৃত উপকারভোগী নির্বাচন ও খাদ্য বিতরণে অনিয়ম কমাতে ডিজিটাল পদ্ধতি চালুর ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ কমিটির সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।