বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সফরে লিউ হাইশিংয়ের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃথক সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রাজনৈতিক সংলাপ ও বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক বিভিন্ন আয়োজনে অংশ নেবেন তিনি।
বিমানবন্দরে চীনা প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করবেন লিউ হাইশিং। সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে।
এর এক ঘণ্টা পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন চীনা প্রতিনিধি দলের প্রধান। সেখানে বঙ্গভবন পরিদর্শন এবং রাষ্ট্রপতির দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।
দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘হোয়্যার হিস্ট্রি ইলুমিনেটস দ্য ফিউচার: চায়না-বাংলাদেশ পলিটিক্যাল প্লাস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেবেন লিউ হাইশিং। একই অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনেও অংশ নেবেন তিনি।
দিনের পরবর্তী কর্মসূচিতে রয়েছে জাতীয় জাদুঘর এবং ঢাকায় চীনা দূতাবাসের পুরোনো ও বর্তমান চ্যান্সারি ভবন পরিদর্শন। সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর আয়োজনে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছাড়ার কথা রয়েছে লিউ হাইশিংয়ের। সফরে তার সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের একাধিক কর্মকর্তা এবং বাংলাদেশে চীনা দূতাবাসের প্রতিনিধিরাও রয়েছেন।