বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬ উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার এবং আগামী প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী মেঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টেক্সটাইল শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে দেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে চাহিদাসম্পন্ন শত শত পেশাজীবী তৈরি করছে।
তিনি বলেন, টেক্সটাইল শিল্পে পানির ব্যবহার অত্যধিক। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নামছে। তাই ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। পানির বিকল্প ব্যবহারের উপায় উদ্ভাবনেরও আহ্বান জানান তিনি।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, টেক্সটাইল শিল্পের অগ্রগতির পাশাপাশি পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিকে টেকসই শিল্প উন্নয়নের মূল বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। বক্তব্য দেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগমসহ অন্যরা।




