বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যক্রমে আর্থিক শৃঙ্খলা এবং জবাবদিহি নিশ্চিত করতে একাধিক বিষয়ে তথ্য চেয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। বিশেষ করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে একাধিকবার যান্ত্রিক গোলযোগের পেছনের কারণ অনুসন্ধান করে বিস্তারিত ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ও যন্ত্রাংশ কেনাকাটার প্রক্রিয়া, বেবিচকের আর্থিক কার্যক্রম এবং বিভিন্ন সময়ে উত্থাপিত নিরীক্ষা আপত্তি পর্যালোচনা করা হয়। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
উড়োজাহাজ কেনা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের বিভিন্ন চুক্তিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা যাচাইয়ের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনার দুর্বলতার কারণে রাজস্ব আদায়ে কোনো ক্ষতি হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
কমিটি জানতে চেয়েছে, নিরীক্ষায় চিহ্নিত অনিয়মের বিপরীতে এখন পর্যন্ত কত টাকা সরকারি কোষাগারে ফেরত এসেছে। কত অর্থ এখনও আদায় করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তারও বিস্তারিত হিসাব দিতে বলা হয়েছে।
এ জন্য প্রতিটি নিরীক্ষা আপত্তির বর্তমান অবস্থা, নিষ্পত্তির অগ্রগতি এবং সংশ্লিষ্ট প্রমাণপত্রসহ একটি সমন্বিত প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথি উপস্থাপন করতে হবে।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া হিসাব মহানিয়ন্ত্রক, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
সরকারি অর্থের অপচয় রোধ, প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা বাড়ানো এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা দূর করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।



