মানবাধিকার সংরক্ষণ এবং গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় সংসদে নতুন একটি সংসদীয় প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। ‘মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস’ নামের এ কমিটিতে রয়েছেন ১০ জন সংসদ সদস্য।
সোমবার (২ নভেম্বর) স্পিকারের সিদ্ধান্তের ভিত্তিতে ককাসটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এতে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দায়িত্ব পেয়েছেন পৃষ্ঠপোষক হিসেবে। আর চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে ফাহিমা নাসরিনকে।
ককাসের সদস্য হিসেবে রয়েছেন মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ।
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গঠনের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কর্মকাণ্ডে সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি মানবাধিকার সংশ্লিষ্ট উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করাই এ ককাসের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।