বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিকে অনন্য সম্পদ হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধানে কাজ করা হবে। নগরীর ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৫০০ কিলোমিটারের উন্নয়ন হয়েছে। বাকি সড়কগুলোর উন্নয়নেও দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি ক্বিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং হরিজন সম্প্রদায়ের মানুষের আবাসনের উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে চেঙ্গেরখালের পানি শোধন করে সরবরাহের জন্য বড় প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করা সিটি করপোরেশনের দায়িত্ব। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। পূজামণ্ডপের প্রতিনিধিদের যেকোনো প্রয়োজনে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নগরীর ৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয়। এতে সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।