পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী বিভাগের সচিবদের সাফল্য বৃহত্তর রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, দেশের সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে সচিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি রাজশাহী অঞ্চলের উন্নয়নেও তাঁদের অবদান রাখার আহ্বান জানান তিনি।
বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে ‘বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা’র উদ্যোগে পদোন্নতিপ্রাপ্ত সচিবদের সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবদুল মান্নান।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোও সরকারের লক্ষ্য। প্রশাসনের সব স্তরে সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের ভূমিকা এ উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর রাজশাহী অঞ্চলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পদোন্নতিপ্রাপ্ত সচিবরা দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।
রাজশাহী শহরের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়ন অব্যাহত রাখতে বিভিন্ন মেয়াদে মাস্টারপ্ল্যান নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যার ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত ছয় সচিবকে সম্মাননা ও সংবর্ধনা স্মারক দেওয়া হয়। তাঁরা হলেন এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, মো. আশরাফুল ইসলাম, মো. সাইদুর রহমান খান, ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং এ.কে.এম. বেনজামিন রিয়াজী।