চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তরুণেরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার উদ্যোগ নিলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী ও গুণিজন সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, জীবনে বড় স্বপ্ন দেখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। তবে সবার আগে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা জরুরি। পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানবিক মানুষ হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
ইসমাইল জবিউল্লাহ বলেন, আজকের অর্জনকে শেষ নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ হিসেবে দেখতে হবে। বৃহত্তর নোয়াখালীর মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে কবি, লেখক, বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক ও সফল উদ্যোক্তা তৈরি হবে। প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের শিকড়, পরিবার, শিক্ষক ও এলাকার কথা মনে রেখে পরবর্তী প্রজন্মের জন্যও কাজ করতে হবে। তিনি এমন একটি বৃহত্তর নোয়াখালী গড়ে তোলার প্রত্যাশা জানান, যেখানে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী স্বপ্ন হারাবে না এবং কর্মসংস্থানের অভাবে কোনো তরুণ সম্ভাবনা থেকে বঞ্চিত হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দেশের উন্নয়নে মানবিক ও দক্ষ মানুষ গড়ে তোলা জরুরি। প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও নৈতিকতার চর্চাও বাড়াতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।