দেশের সামরিক সক্ষমতা ও তিন বাহিনীর সমন্বিত প্রস্তুতি প্রত্যক্ষ করতে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তিন বাহিনীর সদস্যদের অংশগ্রহণে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম, দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং বিভিন্ন অনুশীলনস্থল ঘুরে দেখবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন তিনি।
সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে এবারই প্রথম আয়োজন করা হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। মঙ্গলবার এই মহড়ার চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হবে স্বর্ণদ্বীপে।
এতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বয়ে পরিচালিত এই আয়োজনের মাধ্যমে যৌথ অভিযান ও প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরা হবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর। মহড়া পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।




