শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অন্য একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কার্ডটি বিনামূল্যে দেওয়া হবে। কেউ ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি।
নারীদের আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, হতদরিদ্র নারীদের সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। এসব উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণ ও অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারে।
এর আগে নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। জনকল্যাণমূলক এসব কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।