ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় উচ্ছেদ করা জায়গায় আগামী এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, সরকারি জায়গাটি দীর্ঘদিন দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। এলাকাটি মাদক বিক্রি ও আড্ডার কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। উচ্ছেদের পর সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ এবং সংলগ্ন এলাকায় একটি নতুন সড়ক নির্মাণ করা হবে। জায়গা পর্যাপ্ত থাকলে কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, এক মাস পর নতুন খেলার মাঠটি উদ্বোধন করা হবে। মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দা ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক জানান, বর্তমানে ৪৭ নম্বর ওয়ার্ডে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ এ ওয়ার্ডে মোট ১৫ কোটি টাকার উন্নয়নকাজ চলছে।
পরিদর্শনকালে তিনি উচ্ছেদকৃত স্থানে বৃক্ষরোপণ এবং বাংলাদেশ ব্যাংক কলোনিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।