‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে আগামী ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ‘মিডিয়া রান ২০২৬’। লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রথমবারের মতো এ আয়োজন করছে বি ওয়াই কমিউনিকেশনস।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে ৭.৫ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান শুরু হবে। এতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক ও বিদেশি অপেশাদার দৌড়বিদদের অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজনটির নিবন্ধন চলছে। আগ্রহীদের ৭.৫ ও ২ কিলোমিটার—এই দুই বিভাগের যেকোনো একটিতে নিবন্ধনের জন্য আয়োজকদের নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে বলা হয়েছে। নিবন্ধন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে [আয়োজকদের ওয়েবসাইটে](https://ultracamprunners.com/event/media-run-2026-2)।
বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমীন জানান, দৌড়ের মধ্যে আয়োজনটি সীমাবদ্ধ রাখতে চান না তারা। স্বাস্থ্য, ফিটনেস ও নির্মল বায়ুর গুরুত্ব তুলে ধরে এটিকে উৎসবমুখর মিলনমেলায় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দৌড় শেষে অংশগ্রহণকারীদের মেডেল নিয়ে বিশেষ ফটো কনটেস্টও হবে।
মিডিয়া রান ২০২৬-এর সহযোগী পার্টনার এনবিএ, টেকনিক্যাল পার্টনার ইউসিআর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, ফটোগ্রাফি পার্টনার আপসাইড বাংলাদেশ, ক্লোথিং পার্টনার জার্সি লোগো এবং ক্রিয়েটিভ পার্টনার সিআরডি নিউজ। কো-স্পন্সর হিসেবে রয়েছে মেভ অটোমোবাইলস ও আজম ওভারসীজ। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে র্যাফেল ড্রতে অংশগ্রহণকারীদের দেশি-বিদেশি উড়োজাহাজের টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে।