পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত সংবাদে উঠে আসা বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের প্রকৃত তথ্য উদ্ঘাটনে মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিকে দ্রুত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত শেষ করে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিক পশারীর মৃত্যু, দাফন, মুক্তিযোদ্ধা সনদের সত্যতা এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়গুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রকৃত ঘটনা জানতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনার পর প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা রক্ষায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখার পাশাপাশি তালিকায় থাকা অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে রাষ্ট্রকে সংকটে ফেলতে না পারে, সে বিষয়েও সতর্ক রয়েছে মন্ত্রণালয়।