সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস আ ন ম আহমাদুল বাশারের ব্যাংক লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। সিটি ব্যাংকে তার নামে থাকা ১১টি হিসাবে মোট ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু তালহা আদালতে দাখিল করা আবেদনে জানান, বাশারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। সরকারি দায়িত্বে থাকার সময় অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে এসব সম্পদ অর্জনের অভিযোগে তার কাছে সম্পদের বিবরণীও চাওয়া হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান চলাকালে বাশার তার নামে থাকা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এমন পদক্ষেপ নেওয়া হলে অভিযোগের তদন্ত ও সম্পদের উৎস যাচাই বাধাগ্রস্ত হতে পারে।
এ কারণে অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১১টি হিসাবের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন।