শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে নতুন করে আলোচনায় এসেছে এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি। এ দাবিকে অস্বাভাবিক ও হাস্যকর আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দেশে ফেরার জন্য বিশেষ উড়োজাহাজ চাওয়ার দাবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার মতে, একজন পলাতক আসামির হয়ে অন্য কারও এ ধরনের দাবি তোলার কোনো গ্রহণযোগ্যতা নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনার মুখপাত্রের মাধ্যমে এয়ারক্রাফট চাওয়ার যে বক্তব্য এসেছে, তা হাস্যকর। এমন ঘটনা উন্মাদনা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের অন্য নেতারা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন—এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের বাইরে তাদের কর্মকাণ্ডের বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে। তবে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করে তিনি বলেন, দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই তাদের পরিচয় প্রকাশ পাচ্ছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, তদন্ত ও বিচারে অভিযোগ প্রমাণিত হলে সরকার কিংবা ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতে পারে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে ট্রাইব্যুনালে একটি অভিযোগ রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।