ভারতের কারাগারে দীর্ঘ সময় কাটানোর পর দেশে ফিরেও বন্দিজীবন পার করতে হয়েছে বাদল ফারাজীকে। এবার চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তির আদেশ বাস্তবায়নে পুলিশের সহায়তা চেয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বাদল ফারাজীর প্যারোলে মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পুলিশি নিরাপত্তা ও এসকর্ট চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার (২৩ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত চিঠিতে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জারি করা প্যারোল আদেশের অনুলিপিও যুক্ত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ভারতে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পর বন্দি প্রত্যর্পণ আইনের আওতায় বাদল ফারাজীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তার মুক্তির দাবিতে আইন ও সালিশ কেন্দ্র হাইকোর্ট বিভাগে রিট আবেদনও করেছিল। মামলাটির নম্বর ১৩৭৬/২০১৯।
সম্প্রতি গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তাকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, মুক্তির পর তাঁকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার কথা রয়েছে।
আসক জানিয়েছে, কারাগার সূত্রে তারা জানতে পেরেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে প্রয়োজনীয় এসকর্টের ব্যবস্থা করা হলে বাদল ফারাজীর প্যারোলে মুক্তির প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
সংস্থাটির মতে, দীর্ঘদিনের বন্দিজীবন ও আইনি লড়াইয়ের পর এই সাময়িক মুক্তি বাদল ফারাজী এবং তাঁর পরিবারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই প্যারোলের আদেশ কার্যকর করতে দ্রুত পুলিশি সহযোগিতা এবং তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারের প্রতি অনুরোধ জানিয়েছে আসক।