জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে স্কুলছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।
মিরপুর মডেল থানার মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল ওহিদ গত ১৩ অক্টোবর সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য থাকায় এদিন তাকে আদালতে হাজির করা হয়।
শুনানিতে তদন্ত কর্মকর্তা সাথীকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপনও আবেদনের পক্ষে শুনানি করেন। তিনি দাবি করেন, আন্দোলনের সময় মাইটিভিতে আন্দোলনের খবর প্রচার না করে অন্য বিষয় তুলে ধরা হয়েছিল এবং তদন্তে এ মামলার সঙ্গে সাথীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে সাথীর পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। তিনি বলেন, সাথী গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। এত দিন পর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, সাথীর আওয়ামী লীগে কোনো পদ-পদবি নেই এবং তিনি অসুস্থ। এসব যুক্তিতে তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান তিনি।
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ গোলচত্বরে আন্দোলনে অংশ নেয় আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান। ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ২০২৫ সালের ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আইনজীবী সোহরাব হোসেন রুবেলের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত তাকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।




