সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় দায়ের করা তিনটি মাদক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের তফাজ্জল হোসেন সরকার, গোদাগাড়ী উপজেলার গঞ্জেশ্বরপুর গ্রামের আবদুল নয়ন, ফরিদপুর গ্রামের মামুনুর রশীদ এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুরাতন আজমপুর গ্রামের মনিকুর রহমান মানিক ও মো. আশিক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৬ আগস্ট র‌্যাব-১২-এর সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি আমবোঝাই ট্রাকে তল্লাশি করে ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আবদুল নয়ন ও মামুনুর রশীদকে আটক করা হয়।
অন্যদিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মনিকুর রহমান মানিক ও মো. আশিককে আটক করা হয়।
এ ছাড়া ২০১১ সালের ২৭ নভেম্বর চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামে তফাজ্জল হোসেন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাঁকে আটক করে পুলিশ। এই তিন মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।