গুম ও হত্যার ভয়াবহ অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে গুরুতর তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটরের দাবি, তার সরাসরি হাতে ১১৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সাক্ষীদের বর্ণনায় হত্যার সংখ্যা আরও বেশি হতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, সাক্ষীদের জবানবন্দিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে ১৫০ থেকে ২০০ জনকে বিভিন্ন সময়ে হত্যার অভিযোগ উঠে এসেছে। তবে তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন পর্যন্ত প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যেও এসব হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন। বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে তাকে ব্যবহার করা হতো বলেও অভিযোগ করেন তিনি।
মামলার সাক্ষীদের বক্তব্য তুলে ধরে আমিনুল ইসলাম জানান, জিয়াউল আহসানের সহযোগী কমান্ডার সোহেল কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে নৌপথে চরদুয়ানীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করতেন। অভিযান শেষে ওই সাংবাদিকরা নিজেদের মতো করে সংবাদ প্রকাশ করতেন এবং প্রকৃত ঘটনা আড়াল করা হতো বলে সাক্ষ্যে উঠে এসেছে।
এ ছাড়া তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির ও মেজর দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সামরিক কর্মকর্তার সাক্ষ্যে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি উঠে এসেছে বলে জানান চিফ প্রসিকিউটর।
তিনি আরও বলেন, বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও জিয়াউল আহসান একাধিকবার পদোন্নতি পেয়েছেন এবং মেজর জেনারেল হয়েছেন। দীর্ঘ সময় র‍্যাবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নে তিনি ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি।
মামলাটিকে বাংলাদেশের বিচারিক ইতিহাসে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের মামলার মধ্য দিয়েই গুমের ঘটনায় ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এটিই প্রথম যুক্তিতর্ক উপস্থাপন।
তিনি জানান, এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের কাছ থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। সে কারণে কয়েকজনকে আসামি না করে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফৌজদারি বিচারব্যবস্থায় অপরাধের সহযোগীদের সাক্ষী করার আইনগত সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, জিয়াউল আহসানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বিচারাধীন।