আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের অভিযোগ নতুন করে খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অপরাধে জড়িতদের পরিচয় শনাক্তের পাশাপাশি প্রয়োজন হলে ঘটনাস্থল থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারের পরিকল্পনা রয়েছে।
দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক গণশুনানির মাধ্যমে এসব অপরাধের তথ্য ও প্রমাণ সংগ্রহ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের ঘটনাগুলো এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ পরিকল্পনার কথা জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, প্রতি সপ্তাহে একটি করে জেলায় গণশুনানি আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে। এতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি নির্যাতনের শিকার দল ও সংগঠনের সদস্যরাও নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন। সরকারও এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
কর্মসূচি সফল করতে ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রণালয়, রাজনৈতিক দল, সংগঠন এবং নির্যাতিত ও নিহত ব্যক্তিদের পরিবারের কাছে যোগাযোগ শুরু হয়েছে। সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ, নথিপত্র ও ঘটনার বিবরণ সংগ্রহ করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, যেসব ঘটনায় আগে থেকেই মামলা রয়েছে, সেগুলোর নথি ও অন্যান্য প্রমাণ যাচাই করা হবে। আর যেসব ঘটনায় কোনো মামলা হয়নি, সেসব ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে। অভিযোগের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উপযোগী ঘটনা পাওয়া গেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ কার্যক্রমের প্রথম গণশুনানি যশোরে আয়োজনের পরিকল্পনা ছিল। আগামী ২৬ নভেম্বর সেখানে কর্মসূচি শুরুর কথা থাকলেও ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রয়োজনে অন্য কোনো জেলায় প্রথম আয়োজন করা হবে। তবে আগামী সপ্তাহ থেকেই দেশের কোনো একটি জেলায় এ কার্যক্রম শুরু করার বিষয়ে আশাবাদী প্রসিকিউশন।
আমিনুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য গুম, অপহরণ, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় অনেক পরিবারের সদস্য নিখোঁজ বা নিহত হলেও তারা আইনি পদক্ষেপ নিতে পারেননি। আবার অভিযোগ রয়েছে, এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন এখনো প্রকাশ্যে চলাফেরা করছেন।
তিনি জানান, গণশুনানিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হবে। কোনো অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হলে আইন অনুযায়ী গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, অতীতের অপরাধের বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। গণশুনানির মাধ্যমে ভুক্তভোগীদের বক্তব্য সামনে আনার পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনার পথ তৈরি হবে।
গণশুনানির আইনগত ভিত্তি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রসিকিউশনের তদন্ত ও অভিযোগ দাখিলের এখতিয়ার রয়েছে। একইভাবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও প্রয়োজনীয় অনুসন্ধান করতে পারে। ফলে এ কর্মসূচি পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।




