বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
চিকিৎসক ক্যাটাগরিতে আবাসিক মেডিক্যাল অফিসার পদে শিশু মেডিসিনে ৩৫ জন, শিশু সার্জারিতে ৯ জন, শিশু অ্যানেসথেসিয়ায় ৫ জন এবং ইএনটি বিভাগে ১ জন নেওয়া হবে। এসব পদ নবম গ্রেডের এবং বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। আবেদনকারীদের বিএমডিসি স্বীকৃত এমবিবিএস ডিগ্রি ও নিবন্ধন থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে বিএমইউ বা বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। চিকিৎসক পদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর; উচ্চতর ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী দুই বছর পর্যন্ত বয়স শিথিল হতে পারে। এ ক্যাটাগরিতে আবেদন ফি দুই হাজার টাকা।
কর্মচারী ক্যাটাগরিতে ওয়ার্ড বয়/আয়া পদে ৩৩ জন, অফিস সহায়ক বা পিয়ন পদে ১০ জন এবং অপারেশন থিয়েটার, এক্স-রে, ল্যাব ও কার্ডিয়াক বিভাগের অ্যাটেনডেন্ট পদে ২৫ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ ২০তম গ্রেডের, বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা। প্রার্থীদের এসএসসি পাস হতে হবে। ওয়ার্ড বয়/আয়া পদে সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছর এবং অ্যাটেনডেন্ট পদে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন। কর্মচারী পদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর এবং আবেদন ফি ৫০০ টাকা।
আবেদন করতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বিএমডিসি নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং নির্ধারিত ফির পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদনপত্র আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে অফিস চলাকালে সরাসরি অথবা ডাকযোগে পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম লিখতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে এবং উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।




