বিদেশি কর্মী নিয়োগ ও সরবরাহে জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ ২০ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার (৯ অক্টোবর) কুয়ালালামপুরের আমপাং এলাকার তামান দাতুক আহমদ রাজালিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে ৩৪১টি বিদেশি পাসপোর্ট ও ৬ হাজার ৭০০ রিঙ্গিত জব্দ করা হয়েছে। জব্দ পাসপোর্টের মধ্যে ২৬৫টি বাংলাদেশের, ৬৩টি ইন্দোনেশিয়ার, ১২টি পাকিস্তানের এবং একটি ভারতের।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবানের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন প্রতিষ্ঠানের দুই বাংলাদেশি মালিক ও ব্যবস্থাপক, ছয় স্থানীয় নারী কর্মী এবং ১২ জন বিদেশি গ্রাহক রয়েছেন। গ্রাহকদের মধ্যে নয়জন বাংলাদেশি ও তিনজন ইন্দোনেশীয় নাগরিক।
তদন্তসংশ্লিষ্টদের ধারণা, চক্রটি একটি প্রতিষ্ঠানের নামে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি নিয়ে তাঁদের অন্য প্রতিষ্ঠানে সরবরাহ করত। এ ক্ষেত্রে কর্মী কোটার অনুমোদন পেতে ভুয়া নথি ব্যবহার এবং প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। কর্মীদের অনুমোদিত প্রতিষ্ঠানে নিয়োগ না দিয়ে অন্যত্র কাজ করানোর বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান, এ প্রক্রিয়ায় প্রতি কর্মীর বিপরীতে ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার রিঙ্গিত পর্যন্ত মুনাফা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রকৃত আয়ের চেয়ে কম মুনাফা দেখিয়ে কর ফাঁকি এবং ২০২০-২০২৩ করবর্ষের আয়সংক্রান্ত প্রতিবেদন না দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ও পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় তদন্ত চলছে।