২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত গুলির ঘটনায় হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠানো হয়েছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন না দিয়ে কারাগারে রাখার নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পুলিশ তাকে আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন।
এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এনামুল হক নামে এক ব্যক্তির পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ২০২৫ সালের ৩ মে ভুক্তভোগী এনামুল হক বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। এজাহারে জ্যোতিকা জ্যোতির নাম রয়েছে ২১৬ নম্বরে।