হলিউডের গ্ল্যামার জগতের আড়ালে মেরিলিন মনরোর ব্যক্তিগত জীবন, শিল্পীসত্তা ও সংগ্রামের নানা অজানা অধ্যায় এবার উঠে আসছে আলোকচিত্র প্রদর্শনীতে। বিশেষ করে সুইমিংপুলে তোলা তার বহুল আলোচিত ছবিগুলো দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করবে বলে আশা আয়োজকদের।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মনরোর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘মেরিলিন মনরো সেন্টেনিয়াল: ফটোগ্রাফস বাই লরেন্স শিলার’ শীর্ষক প্রদর্শনী। এতে স্থান পাচ্ছে আলোকচিত্রী লরেন্স শিলারের তোলা ৩৬টি ছবি। পাশাপাশি থাকবে তার স্মৃতিচারণা ও মনরোকে কাছ থেকে দেখার ব্যক্তিগত অভিজ্ঞতা।
মনরোর সঙ্গে কাজ করা পেশাদার আলোকচিত্রীদের মধ্যে বর্তমানে জীবিত একমাত্র ব্যক্তি লরেন্স শিলার। ১৯৬২ সালের ৪ আগস্ট, মৃত্যুর দিন সকালে মনরোর সঙ্গে দেখা হয়েছিল তার। সেদিন আসন্ন একটি ফটোশুট নিয়ে দুজনের কথা হয়। এর কিছুক্ষণ পরই শিলার জানতে পারেন, ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী আর নেই। পরবর্তী সময়ে মনরোকে নিয়ে বইও প্রকাশ করেন তিনি।
প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘সামথিংস গট টু গিভ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তোলা কিছু দুর্লভ ছবি। বন্ধ সেটে একটি দৃশ্যের শুটিং চলাকালে মনরো বিকিনি খুলে সুইমিংপুলে নগ্ন অবস্থায় ভেসে ওঠেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন শিলার। পরে ছবিগুলো বিশ্বের ৩০টিরও বেশি দেশের সাময়িকীর প্রচ্ছদে প্রকাশিত হয়। এমনকি ‘লাইফ’ সাময়িকীর প্রচ্ছদেও জায়গা পায় ছবিগুলো।
তবে প্রদর্শনীতে শুধু মনরোর বহুল পরিচিত গ্ল্যামারাস রূপই তুলে ধরা হচ্ছে না। তার অভিনয়জীবনের নানা বাঁক, শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা এবং নিজের ক্যারিয়ারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইও গুরুত্ব পাচ্ছে। ১৬ বছরের অভিনয়জীবনে প্রায় ৩০টি চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি। অভিনয় প্রশিক্ষক লি স্ট্রাসবার্গ ও পলা স্ট্রাসবার্গের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও থাকছে প্রদর্শনীর আলোচনায়।
নিউইয়র্ক হিস্টোরিক্যালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. লুইস মিরা এক বিবৃতিতে বলেন, মনরো কেবল পর্দার জনপ্রিয় তারকা ছিলেন না, নিজের পরিচয় ও গল্প তুলে ধরার ক্ষেত্রেও তার ছিল স্বতন্ত্র অবস্থান। জীবনে বৈষম্য ও শোষণের মুখোমুখি হলেও তিনি দৃঢ়তা, বুদ্ধিমত্তা এবং ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন।
১৯২৬ সালের ১ জুন জন্মগ্রহণ করেন মেরিলিন মনরো। তার জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রদর্শনীটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০ নভেম্বর ২০২৬ থেকে ২৮ মার্চ ২০২৭ পর্যন্ত চলবে।
সূত্র: দ্য নিউইয়র্ক হিস্টোরিক্যাল