আশির দশকে বলিউডের দুই জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা ছিল। এবার সেই সময়ের কিছু অজানা অভিজ্ঞতার কথা জানালেন চিত্রগ্রাহক ও পরিচালক লরেন্স ডি’সুজা।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গৈর কানুনি’ ছবির শুটিংয়ের সময় মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা কাছ থেকে দেখেছিলেন বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতির কথা তুলে ধরেন এই পরিচালক।
লরেন্সের ভাষ্য অনুযায়ী, শ্রীদেবীর শুটিং চলাকালে প্রায়ই সেখানে হাজির হতেন মিঠুন। কখনো কাজের মাঝামাঝি, আবার কখনো শুটিং শেষ হওয়ার অপেক্ষায় অভিনেত্রীর মেকআপ রুমে বসে থাকতেন তিনি। শুধু সরাসরি উপস্থিতিই নয়, ফোনেও নিয়মিত যোগাযোগ রাখতেন দুজন।
পরিচালক জানান, শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও মিঠুনের ফোন এলে আলাদা জায়গায় গিয়ে কথা বলতেন শ্রীদেবী। কথা শেষ করে আবার ক্যামেরার সামনে ফিরে আসতেন তিনি। এ ধরনের ঘটনা একাধিকবার ঘটতে দেখেছেন বলেও জানান লরেন্স।
সেই সময়ের সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে লরেন্স বলেন, বলিউডের অনেকেই মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতার কথা জানতেন। মিঠুন তখন যোগিতা বালীর সঙ্গে বিবাহিত ছিলেন। তবে নিজের দেখা ঘটনাগুলোর বাইরে অন্য কোনো বিষয়ে মন্তব্য করতে চাননি পরিচালক।
সাক্ষাৎকারে শ্রীদেবীর ব্যক্তিত্ব নিয়েও স্মৃতিচারণ করেন লরেন্স। তার মতে, অভিনেত্রী ছিলেন শান্ত স্বভাবের এবং কিছুটা অন্তর্মুখী। শুটিংয়ের বিরতিতে অন্যদের সঙ্গে খুব বেশি সময় কাটাতেন না। নিজের মতো নিরিবিলি থাকতেই পছন্দ করতেন। একই সঙ্গে কাজের প্রতি তার দায়িত্ববোধ ও নিষ্ঠার প্রশংসাও করেন তিনি।
মিঠুন ও শ্রীদেবী একসঙ্গে ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’ ও ‘গুরু’র মতো ছবিতে অভিনয় করেছেন। পর্দায় তাদের জুটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন নানা আলোচনা চলেছে।
১৯৯৬ সালে প্রযোজক বনি কপূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীদেবী। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন বলিউডের এই কিংবদন্তি অভিনেত্রী।



