বলিউডের সংগীত এখনো ভালো গান উপহার দিচ্ছে, কিন্তু সৃষ্টির স্বাধীনতা আগের মতো নেই। নব্বই দশকের সংগীতচর্চার সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য তুলে ধরে এমন আক্ষেপ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু।
চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত এই শিল্পীর মতে, একসময় একটি গান তৈরির ক্ষেত্রে সংগীত পরিচালক, গীতিকার ও শিল্পীরা নানা ধরনের সুর ও পরিবেশনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারতেন। একটি ভাবনা থেকে একাধিক বিকল্প তৈরি করে সম্মিলিত আলোচনার মাধ্যমে সেরা সৃষ্টিটি বেছে নেওয়া হতো। এখন সেই অবাধ চর্চার পরিসর সংকুচিত হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানু বলেন, অতীতে সংগীত পরিচালকদের হাতে কাজের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা ছিল। একটি নির্দিষ্ট পরিস্থিতির জন্য তারা একাধিক সুর তৈরি করতে পারতেন। সৃজনশীল চিন্তা ও সম্মিলিত সিদ্ধান্তই তখন সংগীত নির্মাণের মূল শক্তি ছিল।
প্রযুক্তির অগ্রগতিকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না ৬৯ বছর বয়সী এই গায়ক। তবে তার মতে, প্রযুক্তিনির্ভর রেকর্ডিংয়ের কারণে শিল্পীদের কাজের ধরন বদলে গেছে। আগে এক বা দুইবার গেয়েই একটি গান রেকর্ড করা সম্ভব হতো। এখন অনেক ক্ষেত্রে আলাদা আলাদা শব্দ ধরে রেকর্ডিং ও সম্পাদনা করা হয়।
অটো-টিউন কিংবা মেলোডাইনের মতো সফটওয়্যার কণ্ঠের ত্রুটি সংশোধনে সহায়তা করলেও এগুলো প্রকৃত সৃজনশীলতার বিকল্প নয় বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, প্রযুক্তি কাজ সহজ করতে পারে, কিন্তু শিল্পের মৌলিক প্রতিভা তৈরি করতে পারে না।
কুমার শানু আরও মনে করেন, বর্তমান সময়ে ভালো সংগীত পরিচালক কিংবা প্রতিভাবান শিল্পীর ঘাটতি নেই। ভালো গানও তৈরি হচ্ছে নিয়মিত। তার মূল আপত্তি হলো, সংগীত নির্মাতারা নিজেদের ভাবনা ও সৃষ্টিশীলতা প্রকাশের আগের মতো সুযোগ পাচ্ছেন না।
উল্লেখ্য, সম্প্রতি দীর্ঘ ২১ বছর পর উদিত নারায়ণের সঙ্গে আবারও একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। তাদের এই পুনর্মিলন সংগীতপ্রেমীদের মধ্যেও নতুন আগ্রহ তৈরি করেছে।