ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও অভিনেতা আরিফিন শুভর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ছবিগুলোর একটিতে চমকের সঙ্গে দেখা গেছে আরিফিন শুভকে। অন্য একটি ছবিতে সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। আরেকটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতে দেখা গেছে। এসব ছবি প্রকাশের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
ছবিগুলো কোনো নাটক বা সিনেমার দৃশ্য কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মত দেখা যাচ্ছে। কেউ এগুলোকে নতুন কাজের প্রচারণার অংশ মনে করছেন, আবার কেউ তাদের বিয়ে নিয়ে প্রশ্ন তুলছেন।
বিষয়টি নিয়ে চমকের বক্তব্যও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। নতুন সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’ চমকের এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পর ভক্তদের কৌতূহল বেড়েছে। তবে তার বিয়ে কিংবা শুভর সঙ্গে সম্পর্কের বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। এ বিষয়ে আরিফিন শুভর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।




